জীবাশ্ম জ্বালানি নিয়ে জলবায়ু সম্মেলনে মতভেদ, ক্ষুব্ধ পরিবেশবিদরা

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বিশ্ব খুবই গুরুত্বপূর্ণ এক সময় পার করছে। বিজ্ঞানীরা বলছেন, যেভাবে কার্বন নিঃসরণ বাড়ছে, তাতে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি দেড় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আটকে রাখার সুযোগ চার বছরেরও কম সময়ের মধ্যে শেষ হয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে কপ-৩১ সম্মেলনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো নিয়ে দেশগুলোর মতভেদে অসন্তুষ্ট পরিবেশবিদরা। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, পৃথিবীর গড় উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আটকে রাখার সময় দ্রুত ফুরিয়ে আসছে। আর এদিকে প্রায় দুইশ দেশের প্রতিনিধিরা আলোচনা করছেন ১৬৫টি বিষয়ে। কিন্তু তেল, গ্যাস ও কয়লার ব্যবহার থেকে সরে আসার প্রশ্নে বড় উৎপাদক ও ভোক্তা দেশগুলোর অনীহা এখনো স্পষ্ট। 

নতুন কোনো বাধ্যতামূলক লক্ষ্য নির্ধারণ কিংবা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর সুনির্দিষ্ট রূপরেখায় এখনো ঐকমত্য নেই। কেন এই তাড়াহুড়ো, তার ব্যাখ্যা মিলছে বিজ্ঞানীদের সাম্প্রতিক হিসাবেও। গ্লোবাল কার্বন প্রজেক্টের মূল্যায়ন বলছে, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি দেড় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হলে বাতাসে আর খুব বেশি কার্বন ডাই-অক্সাইড ছড়ানো যাবে না। 

কিন্তু কয়লা, তেল ও গ্যাস পোড়ানোর কারণে প্রতিনিয়ত বাতাসে কার্বন জমছে। বর্তমান গতিতে এই নিঃসরণ চলতে থাকলে, দেড় ডিগ্রির লক্ষ্যমাত্রা ধরে রাখার জন্য যে পরিমাণ কার্বন নিঃসরণের সুযোগ বাকি আছে, তা চার বছরেরও কম সময়ে শেষ হয়ে যেতে পারে। 

এদিকে জলবায়ু সংকটের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, এতদিন পৃথিবীর বন ও সমুদ্র নিজেরাই বিপুল পরিমাণ কার্বন শোষণ করে উষ্ণতা বাড়ার গতি কিছুটা কমিয়েছে। গবেষকদের হিসাবে, গত কয়েক দশকে মানুষের নিঃসরণ করা কার্বনের প্রায় অর্ধেক শোষণ করেছে এই দুই প্রাকৃতিক ব্যবস্থা।

কিন্তু এখন সেই সক্ষমতা নিয়েও উদ্বেগ বাড়ছে। সমুদ্রের পানি উষ্ণ হয়ে উঠলে কার্বন শোষণের ক্ষমতা কমে যায়। অন্যদিকে বন উজাড় ও পরিবেশের পরিবর্তনে স্থলভাগের কার্বন শোষণও বাধাগ্রস্ত হচ্ছে। ফলে মানুষের তৈরি দূষণের চাপ সামলাতে প্রকৃতির ওপর নির্ভর করার সুযোগও কমে আসতে পারে।