হুতিদের যুদ্ধের টাকার উৎস কী?

ইয়েমেনে যুদ্ধ চালাতে নিজেদের অর্থের জোগান ব্যবস্থা আরও শক্ত করেছে হুতিরা। কর, শুল্ক, বিভিন্ন ধরনের ফি, তেল বিক্রি এবং সাধারণ মানুষের কাছ থেকে নেয়া অনুদান, বিভিন্ন উৎস থেকে আসা অর্থের বড় অংশই যাচ্ছে সামরিক ও নিরাপত্তা খাতে। এই অর্থনৈতিক নিয়ন্ত্রণই হুতিদের সামরিক শক্তি বাড়ানোর পাশাপাশি ইয়েমেনের বিস্তীর্ণ এলাকায় তাদের নিয়ন্ত্রণ আরও জোরালো করছে।

এক দশকের বেশি সময় ধরে চলা যুদ্ধে হুতিরা তৈরি করেছে নিজেদের শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা। মক্কা সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের হিসেব অনুযায়ী, হুতিদের নিয়ন্ত্রিত অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে বছরে প্রায় আড়াইশ কোটি ডলার আসে।

এর মধ্যে ৮০ কোটি ডলার কর ও শুল্ক থেকে এবং যুদ্ধের জন্য নগদ ও পণ্য সহায়তা থেকে আসে প্রায় ৩০ কোটি ডলার। হুতিদের নিয়ন্ত্রিত এলাকার সংগৃহীত রাজস্বের প্রায় ৬০ শতাংশ ব্যয় হয় নিরাপত্তা ও সামরিক খাতে।

তবে অর্থ সংগ্রহে শুধু রাজস্বের ওপর নির্ভর করছে না হুতিরা। সাধারণ মানুষকেও যুদ্ধের জন্য অর্থ দিতে উৎসাহিত করা হচ্ছে। মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন বাহিনীর জন্য অনুদান চাওয়া হচ্ছে। বিভিন্ন সমাবেশেও অর্থ সংগ্রহ করা হয়।

আরেকটি বড় আয়ের উৎস তেল। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের তথ্য অনুযায়ী, ইরান হুতিদের জন্য নিয়মিত তেল সরবরাহ করেছে। সেই তেল অবৈধভাবে বিক্রি করে বছরে দুইশ কোটি ডলারের বেশি আয় করেছে হুতিরা।

এ অর্থ শুধু অস্ত্র কেনা বা যুদ্ধ চালাতেই ব্যবহৃত হচ্ছে না। কর্মসংস্থানের সুযোগ কমে যাওয়া এবং সরকারি কর্মীদের নিয়মিত বেতন না পাওয়ায় তরুণের কাছে হুতি বাহিনীতে যোগ দেয়া আয়ের অন্যতম পথ হয়ে উঠেছে বলে মনে করেন বিশ্লেষকরা।

আমদানি অনুমতি, বিভিন্ন ফি, বৈদেশিক মুদ্রা, জ্বালানি ও টেলিযোগাযোগের ওপর নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যবসায়ী ও সাধারণ মানুষের ওপরও প্রভাব বাড়াচ্ছে হুতি কর্তৃপক্ষ। এর সবচেয়ে বড় মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকে। হুতিদের নিয়ন্ত্রিত বেসামরিক প্রতিষ্ঠানগুলো অর্থসংকটে রয়েছে। জাতিসংঘের তথ্য মতে, ইয়েমেনের প্রায় ৮০ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে।