ঘূর্ণিঝড় চিডোর আঘাতে লন্ডভন্ড মোজাম্বিক, নিহত ৩৪

আফ্রিকার দেশ মোজাম্বাবিকে শক্তিশালী ঘূর্ণিঝড় চিডো আঘাত হেনেছে। এতে অন্তত ৩৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে হাজার হাজার মানুষ উদ্বাস্তু হয়ে পড়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে থেকে এসব তথ্য জানা গেছে।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।

মোজাম্বিকের ন্যাশনাল ইনস্টিটিউট অব রিস্ক অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (আইএনজিডি) জানিয়েছে, গতকাল মঙ্গলবার রাতে ঘূর্ণিঝড় চিডো আঘাত হানে। উত্তর মোজাম্বিকে এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে তীব্র ঝড়গুলোর একটি এই চিডো। চিডোর এখন পর্যন্ত ৩৪ জনের জীবন কেড়ে নিয়েছে।

ঘূর্ণিঝড় চিডো গত সোমবার ভারত মহাসাগরীয় অঞ্চলের ফরাসি দ্বীপ মায়োটে তান্ডব চালানোর পর মোজাম্বিকে ধ্বংসলীলা চালায়। মায়োটে চিডোর আঘাতে হাজার হাজার মানুষ মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগে মায়োটে আছড়ে পড়ে ঝড়টি। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় পুরো অঞ্চল। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ার পাশাপাশি পুরো দ্বীপটির যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়ে।

চিডোর তান্ডবকে ‘হৃদয়বিদারক’ বলে অভিহিত করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অব রিস্ক অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (আইএনজিডি)। সংস্থাটি জানিয়েছে, চিডোর আঘাতে ৩৪ হাজারেরও বেশি মোজাম্বিক পরিবার তাদের বাড়িঘর হারিয়েছে। ঘণ্টায় প্রায় ২৬০ কিলোমিটার (১৬০ মাইল) বেগে আছড়ে পড়েছিল শক্তিশালী এই ঝড়টি।