কেনিয়ায় শেষকৃত্য থেকে ফেরার পথে বাস খাদে, নিহত ২১

কেনিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি বাস উল্টে খাদে পড়ে অন্তত ২১ জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, বাসটি পশ্চিমাঞ্চলীয় কাকামেগা শহর থেকে কিসুমুর উদ্দেশে যাচ্ছিল। কিসুমু শহরে পৌঁছানোর আগে একটি বৃত্তাকার মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়।

 ন্যানজা প্রদেশের আঞ্চলিক ট্রাফিক কর্মকর্তা পিটার মাইনা জানান, নিহতদের মধ্যে ১০ জন নারী, ১০ জন পুরুষ এবং ১০ বছর বয়সী এক শিশু রয়েছে।

কেনিয়া ও পূর্ব আফ্রিকার অন্যান্য দেশে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে। সরু ও গর্তে ভরা সড়ক এবং অতিরিক্ত গতির কারণে এসব দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।   

এর আগের দিন, বৃহস্পতিবার, কেনিয়ার নাকুরু কাউন্টির নাইভাশা শহরে একটি বাস দুর্ঘটনায় ৯ জন নিহত হন। সে সময় বাসটিতে থাকা ৩২ জন শ্রমিক কর্মস্থলে যাচ্ছিলেন। রেলক্রসিংয়ে পৌঁছে বাসটি দুর্ঘটনায় পড়ে প্রাণহানি ঘটে।