বেনিনে অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট প্যাট্রিস তালোন। অভ্যুত্থানচেষ্টায় দায়ী সবাইকে শাস্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
গতকাল রোববার স্থানীয় সময় সন্ধ্যায় রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট তালোন জানান, তাঁর সরকারের বিরুদ্ধে ঘটানো অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ হয়েছে। সরকার ও দেশের সশস্ত্র বাহিনী এ চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। এই বিশ্বাসঘাতকতার জন্য শাস্তি পেতে হবে বলে জানান তিনি।
এর আগে কয়েক ঘণ্টা আগে একদল সেনা রাষ্ট্রীয় টেলিভিশনের পর্দায় হাজির হয়ে অভ্যুত্থানের ঘোষণা দেন। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে মিলিটারি কমিটি ফর রিফাউন্ডেশন (সিএমআর) নামে নিজেদের পরিচয় দেওয়া সৈন্যরা জানান, তারা প্যাট্রিস তালনকে প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের পদ থেকে অপসারণ করার সিদ্ধান্ত নিয়েছেন। দেশের সব সীমান্ত বন্ধ এবং রাজনৈতিক দলগুলোর কার্যক্রম স্থগিত করা হয়েছে।
বেনিনের সামরিক ও নিরাপত্তা সূত্রগুলোর বরাতে সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, অভ্যুত্থান ঘটানোর চেষ্টায় গতকাল সন্ধ্যায় দেশটিতে বেশ কয়েকজন সেনাসদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একটি সূত্র এএফপিকে জানান, গ্রেপ্তার করা হয়েছে মোট ১৩ জনকে। আরেক সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন সাবেক সেনাসদস্য। অন্যরা সেনাবাহিনীতে কর্মরত।
১০ বছর ধরে বেনিনে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন প্যাট্রিস তালোন। আগামী এপ্রিলে তাঁর ক্ষমতা ছাড়ার কথা রয়েছে। ওই সময় প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দেশটি। এ পরিস্থিতিতে বেনিনে অভ্যুত্থান ঘটানোর চেষ্টা ছিল এই অঞ্চলের গণতান্ত্রিক শাসনের জন্য সর্বশেষ হুমকি।