মাদকসংক্রান্ত একটি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় এক টেলিভিশন উপস্থাপিকাসহ ১১ জনকে ফাঁসির রায় দিয়েছেন মিসরের একটি আদালত। ৩৯ বছর বয়সী ওই উপস্থাপিকা সারা খলিফা মূলত অপরাধবিষয়ক টেলিভিশন অনুষ্ঠান ‘মিশন ইম্পসিবল’-এর জন্য বিশেষভাবে পরিচিত।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দণ্ডপ্রাপ্তরা একটি অপরাধী চক্রের অংশ এবং বিক্রির উদ্দেশ্যে মাদক তৈরির কাঁচামাল আমদানি করতেন। তাদের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদও ছিল বলে অভিযোগে বলা হয়েছে। তবে সারা তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।
মামলায় অভিযুক্ত আরও ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ৭ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
সারা খলিফার আইনজীবী জানিয়েছেন, তিনি এই মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করবেন।
গত মাসে এই মামলার রায় ঘোষণা করা হয়েছিল। তবে মিসরের আইন অনুযায়ী মৃত্যুদণ্ডের ক্ষেত্রে গ্র্যান্ড মুফতির ধর্মীয় পরামর্শ নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। মূলত এ কারণেই এক মাস পর এই রায় নিশ্চিত করা হয়।
মিসরের সংবাদমাধ্যম আল-আহরাম জানিয়েছে, এ মামলায় ২০ জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন। এর পাশাপাশি ইলেকট্রনিক প্রমাণ হিসেবে বিভিন্ন কথোপকথন ও ভিডিও ক্লিপ জমা দেওয়া হয়েছিল।
দেশটির সরকারি সংবাদমাধ্যম আখবার আল-ইউম পত্রিকার তথ্যমতে, গত বছরের সেপ্টেম্বরে আদালতে হাজিরা দেওয়ার সময় বিচারক যখন সারা খলিফাকে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন করেন, তখন তিনি অ্যান্টি-নারকোটিকস কার্যালয়ে ছবি তোলার আগে কখনো মাদক না দেখার কথা জানান।