সুদানে সোনার খনি ধসে প্রাণ গেল ৭০ শ্রমিকের

সুদানের পশ্চিম কোরদোফান রাজ্যে সোনার খনি ধসে অন্তত ৭০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৫০ জন। গত মঙ্গলবার পশ্চিম কোরদোফানের আল-জারা খনিতে খনিতে একের পর এক সুড়ঙ্গ ধসে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তবে আরএসএফ নিয়ন্ত্রিত এলাকার এক সূত্র এএফপিকে জানিয়েছে, নিহতের সংখ্যা অন্তত ৮২ জন। ধ্বংসস্তূপের নিচে এখনো বহু শ্রমিক আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সূত্রগুলো বলছে, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও উদ্ধার সরঞ্জামের অভাবেই এত বেশি প্রাণহানি হয়েছে। উদ্ধারকারী দল না থাকায় স্থানীয় মানুষজন সাধারণ সরঞ্জাম নিয়েই উদ্ধারকাজ চালায়।

২০২৩ সাল থেকে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী আরএসএফের মধ্যে চলা যুদ্ধে সোনা অন্যতম অর্থের উৎস হয়ে উঠেছে। আরএসএফ নিয়ন্ত্রিত এলাকাগুলোতে অনিয়ন্ত্রিত খনন কার্যক্রমে নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এমনই ঝুকিপূর্ণ খনিতে কাজ করতে হয় শ্রমিকদের।