সেনেগাল উপকূলে নৌকাডুবিতে ৩৪ জনের মৃত্যু

পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উত্তর-পশ্চিম উপকূলে অভিবাসীবাহী একটি ছোট নৌকা ডুবে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে এখনো অভিযান চলছে। রয়টার্স জানিয়েছে এ খবর। 

রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শনিবার ডাকার থেকে প্রায় ১৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত কেবেম শহরের উপকূলে নৌকাটি ডুবে যায়।

নিহতদের বেশিরভাগই স্থানীয় লিওনা ও থিয়েপ্পে এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তবে নৌকায় ঠিক কতজন যাত্রী ছিলেন, তা এখনও জানা যায়নি।

সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিম আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে প্রাণহানি বেড়েছে। যার মধ্যে চলতি বছরের প্রথম ৫ মাসেই মারা গেছে ৬৩৫ জন।