সাউথ আফ্রিকায় পৃথক গোলাগুলিতে নিহত ১৭

সাউথ আফ্রিকায় দুটি পৃথক গোলাগুলির ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, রোববার প্রশাসনিক রাজধানী প্রিটোরিয়ার পশ্চিমাঞ্চলে বন্দুক হামলায় ৯ জন নিহত হন।

অ্যাটেরিজভিল জেফসভিলে শহরের একটি ঝুপড়ি ঘরের ভেতর থেকে সেই ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে ৩ জন নারীও রয়েছেন। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করছে পুলিশ। এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তারও করা হয়নি। 

এছাড়া, কোয়াজুলু-নাটাল প্রদেশে একটি বন্দুক হামলার তদন্ত করেছে পুলিশ। রোববার রাতে সেখানকার পিটার-মারিজবার্গ শহরের বাইরে একটি গাড়ির ভেতর থেকে ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের সবাইকে গুলি করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

হত্যাকাণ্ডের দিক থেকে বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে সাউথ আফ্রিকা অন্যতম। দেশটিতে গড়ে প্রতিদিন প্রায় ৬০টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।