গাদ্দাফির ছেলেকে মুক্তি দেওয়ার আহ্বান

লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে হানিবাল গাদ্দাফিকে মুক্তি দিতে লেবাননের প্রতি আহ্বান জানিয়েছেন লিবিয়ার বিচার বিভাগ। আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। কোনো অভিযোগ ছাড়াই ২০১৫ সাল থেকে লেবাননে আটক রয়েছেন হানিবাল গাদ্দাফি। বিনা বিচারে বছরের পর বছর আটক রাখার প্রতিবাদে গত ৩ জুন থেকে তিনি আমরণ অনশনে যান। এরপর থেকে ক্রমশ তাঁর স্বাস্থ্যর অবনতি হচ্ছে। এরই মধ্যে দুবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি সামান্য পানি পান করা ছাড়া কিছুই খাচ্ছেন না।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, লিবিয়ার প্রসিকিউটর জেনারেল আল-সেদিক আল-সৌর এই মাসে লেবাননের প্রসিকিউটর ঘাসান ওয়েদাতের কাছে একটি চিঠি লিখেছেন। সেখানে তিনি স্বাস্থ্যগত কারণ দেখিয়ে হানিবালের মুক্তি দিতে অনুরোধ করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে লেবাননের বিচার বিভাগীয় দুজন কর্মকর্তা গতকাল সোমবার এসব তথ্য এপিকে জানিয়েছেন।
আল-সৌর তাঁর চিঠিতে আরও বলেন, হানিবাল গাদ্দাফিকে কেন আটক করে রাখা হয়েছে? হয় তাকে লিবিয়ায় ফিরিয়ে দেওয়া হোক, অথবা সিরিয়ায় যেতে দেওয়া হোক, যেখানে তাঁর স্ত্রী অ্যালাইন স্কাফ ও সন্তানেরা রয়েছে।

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় টানা ৪২ বছর ধরে ক্ষমতায় থাকা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির ছোট ছেলে হানিবাল ২০১৫ সাল থেকে বৈরুতে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদর দপ্তরে বন্দী আছেন। ১৯৭৮ সালে লেবাননের শিয়া ইমাম মুসা আল সদর লিবিয়ার ত্রিপোলিতে ভ্রমণে গিয়ে নিখোঁজ হন। লেবাননের দাবি, সদরের নিখোঁজ হওয়ার ব্যাপারে হানিবালের কাছে তথ্য রয়েছে। যদিও সদর নিখোঁজ হওয়ার সময়ে হানিবালে বয়স ছিল মাত্র তিন। আল সদরের নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে লেবানন ও লিবিয়ার মধ্যে কয়েক দশক ধরে সম্পর্কের অবনতির কারণে বারবার হানিবালকে মুক্ত করার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।