ইথিওপিয়ার আমহারা অঞ্চলে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষে গত দু মাসে অন্তত ১৮৩ জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সারা দেশ থেকে এক হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বেশির ভাগই আমহারা বংশোদ্ভূত যুবক বলে জানা গেছে।
আমহারা অঞ্চলে সরকার জরুরি অবস্থা জারি করার পর সহিংসতায় এসব হতাহত ও গ্রেপ্তারের ঘটনা ঘটেছে।
রয়টার্স বলেছে, এ ব্যাপারে মন্তব্য জানতে চাইলে ইথিওপিয়ার সরকারের মুখপাত্র তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেননি।
আমহারার স্থানীয় অনেকেই অভিযোগ করে বলেন, সরকার এই অঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করছে। তবে ইথিওপিয়া সরকার এ অভিযোগ অস্বীকার করেছে।
ভিডিও দেখুন:
ইথিওপিয়ার সেনাবাহিনী এ মাসের শুরুর দিকে আমহারা থেকে স্থানীয় আধা সামরিক বাহিনীকে সরিয়ে দিয়ে প্রধান শহর দখল করে নেয়। এরপরই মূলত সংঘর্ষের মাত্রা আরও বাড়ে।
জাতিসংঘের বিবৃতিতে বলা হয়েছে, সরকারি বাহিনী কয়েকটি শহর পুনর্দখল করেছে। আধা সামরিক বাহিনী গ্রামের দিকে পিছু হটেছে। আমরা সব ধরনের হত্যা ও অপব্যবহার বন্ধ করার আহ্বান জানাচ্ছি।
গত রোববার ডেব্রে তাবর শহরে নতুন করে সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। রয়টার্সকে দুজন চিকিৎসক এ তথ্য জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে তাঁরা বলেন, সামরিক বাহিনী শহরে প্রবেশ করার এক সপ্তাহ পর থেকেই সংঘর্ষ শুরু হয়েছে।