আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দল থেকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনই লড়বেন বলে জানিয়েছেন। বাইডেন বলেন, ‘আমি প্রতিদ্বন্দ্বিতা করছি। ডেমোক্র্যাট দলের মনোনীত প্রার্থী আমি। আমাকে কেউ বাইরে ঠেলে দিচ্ছে না। আমিও সরে দাঁড়াচ্ছি না।’
সংবাদমাধ্যম বিবিসি জানায়, গতকাল বুধবার ডেমোক্রেটিক দলের নির্বাচনী প্রচার সংশ্লিষ্ট কয়েকজন কর্তাব্যক্তির সঙ্গে ফোনকলে এসব কথা বলেন বাইডেন। প্রার্থিতা নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে বাইডেন ওই ফোনকল করেছিলেন বলে জানা গেছে।
গত সপ্তাহে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নির্বাচনী বিতর্কে ধরাশায়ী হওয়ার পর থেকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যেতে বাইডেনের ওপর চাপ বাড়ছে। এমনকি নিজ দল ডেমোক্রেটিক পার্টির ভেতরেও চাপের মুখে পড়েছেন তিনি। এমনকি তাঁর জায়গায় পছন্দের প্রার্থী হয়ে উঠছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
গত সপ্তাহের বৃহস্পতিবার রাতে সংবাদমাধ্যম সিএনএনের আটলান্টা স্টুডিওতে ট্রাম্পের সঙ্গে বিতর্কে বার বার কথার খেই হারিয়ে ফেলেন বাইডেন। নির্বাচনের আগে তাঁর এমন পারফরমেন্স দেখে দলের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে যে, তিনি হয়ত ট্রাম্পের সঙ্গে এর পরের বিতর্কে আবারও খারাপ করতে পারেন। এর পরিপ্রেক্ষিতে ডেমোক্র্যাটিক দলের শীর্ষ পর্যায়ের অনেকেও বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন।