মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট জয়ের পর এবার প্রতিনিধি পরিষদেও জয় পেল নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান শিবির। এতে মার্কিন কংগ্রেসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ পেয়েছে দলটি।
হোয়াইট হাউস, সিনেট, গভর্নর থেকে শুরু করে প্রতিনিধি পরিষদ–সবগুলোই এখন ট্রাম্পের হাতে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, এ কারণে ট্রাম্পের জন্য অর্থনীতি, অভিবাসন ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁর এজেন্ডাগুলো বাস্তবায়ন সহজ হবে।
গত ৫ নভেম্বরের ভোটে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পায় রিপাবলিকান শিবির। ৪৩৫ আসনের প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে একটি দলকে কমপক্ষে ২১৮টি আসনে জয় পেতে হয়। বুধবার অ্যারিজোনা ও ক্যালিফোর্নিয়ায় জয় পেয়ে প্রয়োজনীয় ২১৮ আসন পায় রিপাবলিকানরা।
তবে শেষ পর্যন্ত রিপাবলিকানদের আসন সংখ্যা আরও বাড়তে পারে। অন্যদিকে, ১০০ আসনের মধ্যে ৫৩টি আসন পেয়ে সিনেটের নিয়ন্ত্রণ পেয়েছে রিপাবলিকানরা।