১০ বছর সেনাবাহিনীতে চাকরি করেছেন, পরে উগ্রবাদে জড়িয়ে পড়েন শামসুদ-দীন

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিয়েন্স শহরের বুরবন স্ট্রিটে গাড়ি হামলাকারী সন্দেহভাজন শামসুদ-দীন জব্বার সম্পর্কে আরও তথ্য জানতে পেরেছেন যুক্তরাষ্ট্রের তদন্তকারীরা। তাঁরা জানিয়েছেন, শামসুদ-দীন জব্বার মার্কিন সেনাবাহিনীতে ১০ বছর চাকরি করেছেন। তবে কিভাবে তিনি উগ্রবাদে জড়িয়ে পড়েন, তা এখনো জানা যায়নি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত বুধবার দিবাগত রাত সোয়া তিনটায় বুরবন স্ট্রিটে খ্রিষ্টীয় বর্ষবরণের আনন্দ-উৎসব চলার সময় সমবেত মানুষের ওপর একটি পিকআপ ট্রাক তুলে দেন চালক। এরপর লাফিয়ে নেমে একটি আগ্নেয়াস্ত্র দিয়ে তিনি গুলিবর্ষণ শুরু করেন। পুলিশের পাল্টা গুলিতে হামলাকারী নিহত হন। এ হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। হামলাকারীর নাম শামসুদ-দীন জব্বার বলে সন্দেহ করছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। তিনি ঘটনার পরপরই পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

লুইজিয়ানার অ্যাটর্নি জেনারেল লিজ মুরিল গতকাল বৃহস্পতিবার বলেন, টেক্সাসের বাসিন্দা শামসুদ-দীন জব্বারের বয়স আনুমানিক ৪২। তিনি ছাড়াও এ হামলার পেছনে একাধিক ব্যক্তি রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এফবিআইয়ের উপসহকারী পরিচালক ক্রিস্টোফার রাইয়া বলেন, ‘হামলার আগে কয়েকটি ভিডিও ধারণ করেছিলেন শামসুদ–দীন। ভিডিও ধারণ করার সময় তাঁকে আইএসের প্রতি সমর্থন ব্যক্ত করতে দেখা গেছে।

এফবিআইয়ের এই কর্মকর্তা আরও বলেন, শামসুদ-দীন কীভাবে আইএসে যোগ দিলেন, সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। তবে হামলার পর যেসব প্রমাণ উদ্ধার করা হয়েছে, তাতে নিশ্চিত তিনি আইএসের উগ্রবাদে বিশ্বাস করেন।

শামসুদ-দীনের সৎভাই আবদুল জব্বার জানিয়েছেন, তাঁর ভাই এসময় একটি নিরীক্ষা প্রতিষ্ঠানে কাজ করতেন। তার বয়স যখন ২০ থেকে ৩০ এর কোঠায়, তখন একবার ইসলাম ধর্ম ত্যাগ করেছিলেন। সম্প্রতি তিনি আবার ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তবে উগ্রবাদে কীভাবে জড়িয়ে পড়েছিলেন, সে ব্যাপারে তারা কিছু জানেন না।

এ দিকে এফবিআইয়ের সাবেক এজেন্ট আলী সৌফান বলেন, শামসুদ-দীন মার্কিন সেনাবাহিনীতে ১০ বছর কাজ করেছেন। তাঁর বয়স যখন ৪০, তখনও তিনি সেনাবাহিনীতে কাজ করেছেন। যারা আইএসে যোগ দেন, তাদের বয়স সাধারণত কম হয়। সেদিক থেকে শামসুদ-দীন আলাদা। তিনি একজন দেশপ্রেমিক থেকে আইএস যোদ্ধা হয়ে ওঠেন।

মার্কিন কর্মকর্তারা আরও জানান, শামসুদ-দীন জব্বার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মানবসম্পদ, তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন বিভাগে কাজ করেছেন। ২০০৯ সালের ফেব্রুয়ারি থেকে ২০১০-এর জানুয়ারি পর্যন্ত তিনি আফগানিস্তানে ছিলেন।

শামসুদ-দীন জব্বার ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের জর্জিয়া স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। তাঁর পড়ার বিষয় ছিল কম্পিউটার ইনফরমেশন সিস্টেম।