মার্কিন ধনকুবের ইলন মাস্ক সম্প্রতি ট্রাম্প প্রশাসনের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন। এ উপলক্ষে গতকাল শুক্রবার হোয়াইট হাউসে বিদায়ী সংবাদ সম্মেলন করেন তিনি। সেখানে সাংবাদিকদের নজরে পড়ে মাস্কের চোখের কোণায় কালো দাগ। এ ব্যাপারে সাংবাদিকেরা প্রশ্ন করলে উত্তরও দিয়েছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল ওভাল অফিসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা দেখতে পান মাস্কের চোখে কালো দাগ। স্বভাবতই এ ব্যাপারে জানতে চান তাঁরা। জবাবে মাস্ক জানান, তাঁর পাঁচ বছর বয়সী ছোট ছেলে এক্স খেলাচ্ছলে তাঁর চোখে ঘুষি মেরেছেন।
ইলন মাস্ক বলেন, ‘এক্স যাকে তাকে খেলাচ্ছলে ঘুষি মেরে বেড়াচ্ছিল। আমি বললাম, আমাকেও মারো। সঙ্গে সঙ্গে সে তাই করল।’
তার আগে অবশ্য ঠাট্টাচ্ছলে ট্রাম্প বলেন, ‘আমি ফ্রান্সের কাছাকাছি কোথাও ছিলাম না।’
উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, ভিয়েতনামের হ্যানয় বিমানবন্দরে উড়োজাহাজ থেকে নামার আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর ‘গালে চড়’ মারছেন তাঁর স্ত্রী ব্রিজিট। পরে অবশ্য ফরাসি প্রেসিডেন্টের দপ্তর থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, ওই ঘটনা ছিল নিছক ফান। প্রেসিডেন্ট দম্পতি খুনসুটি করছিলেন।
এর আগে গত বুধবার যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির একজন বিশেষ কর্মকর্তার পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা দেন ইলন মাস্ক।
গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প তাঁর নতুন প্রশাসনে যুক্ত করেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ককে। তাঁকে নবগঠিত ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির দায়িত্ব দেওয়া হয়। সরকারের সরাসরি অংশ না হলেও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ব্যয় ও কর্মী সংখ্যা কমানো ছিল এই বিভাগের কাজ। এই বিভাগ ও মাস্কের নিয়োগ নিয়ে দেশটিতে নানা আলোচনা-সমালোচনা হয়।