বাইডেনের সই করা নির্বাহী আদেশ বাতিলের ঘোষণা ট্রাম্পের

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষর করা সব নির্বাহী আদেশ বাতিলের ঘোষণা দিয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প এ কথা জানান। 

ট্রাম্পের ধারণা, বাইডেনের বেশির ভাগ আদেশই অটোপেনে স্বাক্ষর করা। অটোপেন হলো এমন এক ধরনের যন্ত্র যা কারও স্বাক্ষর হুবহু অনুকরণ করতে পারে। 

ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, প্রায় ৯২ শতাংশ নির্বাহী আদেশ জো বাইডেনের অটোপেন দিয়ে সই করা। জো বাইডেন অটোপেন ব্যবহার করে যেসব নথিতে স্বাক্ষর করেছেন, তা এ মর্মে বাতিল করা হলো। এগুলোর আর কোনো প্রয়োগ বা কার্যকারিতা থাকবে না। 

ট্রাম্পের দীর্ঘদিনের দাবি, বাইডেন তাঁর শাসনামলে বার্ধক্যজনিত কারণে নির্বাহী অফিস নিয়ন্ত্রণের মতো অবস্থায় ছিলেন না। বাইডেন যদি দাবি করেন তিনি নিজেই অটোপেন দিয়ে আদেশগুলোতে স্বাক্ষর করেছেন তবে তাঁর বিরুদ্ধে মিথ্যাচারের মামলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।