আমেরিকায় একটি শিশুর জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলীয় শহর স্টকটনের একটি রেস্তোরাঁয় সংঘটিত নৃশংস এই ঘটনায় আরও দশজন আহত হয়েছেন। আজ রোববার ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি’র এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
এই হামলা প্রসঙ্গে সান জোয়াকিন কাউন্টি শেরিফ-এর কার্যালয় জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার স্থানীয় সময় (শনিবার) সন্ধ্যা ৬টার কিছুক্ষণ আগে এই বন্দুক হামলার ঘটনা ঘটে। কার্যালয়ের মুখপাত্র হিদার ব্রেন্ট এই ঘটনাটিকে ‘অকল্পনীয়’ বলে অভিহিত করেছেন।
পুলিশের তরফে জানানো হয়েছে, হামলায় নিহতদের মধ্যে প্রাপ্তবয়স্ক ও শিশু উভয়েই রয়েছেন। অন্যদিকে, আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি বলে বিবিসি’র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
স্থানীয় পুলিশ আরও জানিয়েছে, হামলাটি লক্ষ্য করে করা (টার্গেটেড) হয়ে থাকতে পারে এবং এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তি এখনও পলাতক আছেন।
সান জোয়াকিন কাউন্টি শেরিফ-এর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এ ঘটনায় তদন্ত প্রক্রিয়া সক্রিয় ও চলমান আছে, এবং প্রাপ্ত তথ্য এখনও সীমিত। প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি একটি লক্ষ্য করে চালানো হামলা হতে পারে, এবং তদন্তকারীরা সকল সম্ভাবনা খতিয়ে দেখছেন। কোন পরিস্থিতিতে, কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে তা নিরূপণে গোয়েন্দারা সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।’
স্টকটনের সহ-মেয়র জেসন লি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, ‘একটি শিশুর জন্মদিনের পার্টিতে বন্দুক হামলার খবর পেয়ে আমি বিধ্বস্ত এবং ক্ষুব্ধ। জন্মদিনের পার্টি কখনই এমন জায়গা হওয়া উচিত নয় যেখানে পরিবারের সদস্যরা তাদের জীবন নিয়ে ভয়ে থাকবে।’
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের কার্যালয়ও এ ঘটনায় বিবৃতি দিয়েছে। সেখানে বলা হয়েছে, ভয়াবহ এই বন্দুক হামলার বিষয়ে অবগত আছেন গভর্নর এবং তিনি সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছেন।