ব্রাজিলে লাইব্রেরিতে চুরি

লাইব্রেরি থেকে শিল্পকর্ম উধাও, হেঁটেই পালিয়ে গেল চোর

চুপিসারে নয়, দিনে দুপুরে পায়ে হেঁটেই শিল্পকর্ম নিয়ে পগারপার হলো দুই চোর। তাও আবার মুখমণ্ডল শনাক্তকরণ (ফেসিয়াল রিকগনিশন) প্রযুক্তির ক্যামেরা থাকা স্বত্বেও। অভিনব এই চুরির ঘটনা ঘটেছে ব্রাজিলের সাও পাওলো শহরের ‘মারিও দে আন্দ্রাদে’ লাইব্রেরিতে। 

ব্রাজিলের কর্মকর্তারা জানিয়েছে, রোববার স্থানীয় সময় সকাল ১০টায় (জিএমটি সময় দুপুর ১টা) সশস্ত্র দুই ব্যক্তি লাইব্রেরির নিরাপত্তা প্রহরী এবং বয়স্ক এক দম্পতিকে আটকে রেখে মহামূল্যবান ১৩টি শিল্পকর্ম নিয়ে অনায়াসে হেঁটে হেঁটেই পালিয়ে যায়। 

চুরি করা শিল্পকর্মগুলোর মধ্যে রয়েছে ফরাসি শিল্পী অঁরি মাতিসের ৮টি এবং ব্রাজিলীয় চিত্রশিল্পী কান্দিদো পোর্তিনারির অন্তত ৫টি ছাপচিত্র (এনগ্রেভিং)।

উল্লেখ্য, চোরেরা মূল প্রবেশপথ দিয়ে লাইব্রেরিতে প্রবেশ করে এবং একই পথ দিয়ে বেরিয়ে নিকটতম মেট্রো স্টেশনের দিকে চলে যায়। কর্মকর্তারা জানিয়েছেন, সাও পাওলো শহরের কেন্দ্রে অবস্থিত এই লাইব্রেরিতে আছে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির ক্যামেরাও। কিন্তু তা স্বত্বেও অমূল্য এই শিল্পকর্মগুলো নিয়ে পালিয়ে যেতে খুব একটা বেগ পেতে হয়নি চোর যুগলকে।

রোববার চুরি হওয়া শিল্পকর্মগুলো সাও পাওলো মিউজিয়াম অফ মডার্ন আর্ট-এর সাথে যৌথ প্রদর্শনীতে সাধারণ দর্শনার্থীদের দেখার জন্য উন্মুক্ত ছিল। 'ফ্রম বুক টু মিউজিয়াম' শীর্ষক প্রদর্শনীটির শেষ দিনে ঘটল এই চুরির ঘটনা। উল্লেখ্য, মারিও দে আন্দ্রাদে লাইব্রেরিটি ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম লাইব্রেরি।

সাও পাওলোর মেয়র স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন যে, চোরদের ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে, তবে তারা এখনও পলাতক রয়েছে। 

কর্তৃপক্ষ এখনও লাইব্রেরি থেকে চুরি যাওয়া শিল্পকর্মগুলোর বিস্তারিত তালিকা প্রকাশ করেনি। তবে স্থানীয় সংবাদপত্র ফোলহা দে সাও পাওলো জানিয়েছে, মাতিসের সীমিত সংস্করণের আর্ট বই জ্যাজ-এর জন্য তৈরি করা একটি কোলাজ চুরি হয়েছে।

উল্লেখ্য, মাস দুয়েক আগেই প্যারিসের লুভর জাদুঘরে চাঞ্চল্যকর এক চুরির ঘটনায় অমূল্য রত্ন নিয়ে পালিয়ে যায় চোরেরা। এবারে ব্রাজিলের লাইব্রেরিতে খোয়া গেল মূল্যবান শিল্পকর্ম। 

ফ্রেঞ্চ শিল্পী অঁরি মাতিস হলেন বিংশ শতাব্দীর সবচেয়ে প্রভাবশালী শিল্পীদের একজন। তাঁর চুরি যাওয়া শিল্পকর্মগুলোর দাম ‘অমূল্য’ বা ‘হিসাব করা অসম্ভব’ বলে জানিয়েছেন শিল্প সমালোচকরা। অন্যদিকে, ব্রাজিলের অন্যতম গুরুত্বপূর্ণ মডার্নিস্ট শিল্পী হিসেবে বিবেচিত পোর্তিনারি, যার আঁকা গ্রামীণ শ্রমিকদের ছবি বিশেষভাবে সমাদৃত।

তথ্যসূত্র: বিবিসি