কংগ্রেসে দেড় লাখ কোটি ডলারের প্রতিরক্ষা বাজেট চাইবেন ট্রাম্প

কংগ্রেসের কাছে ২০২৭ অর্থবছরের জন্য দেড় ট্রিলিয়ন বা ১ লাখ ৫০ হাজার কোটি ডলারের প্রতিরক্ষা বাজেট চাওয়ার ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। এটি গত বছরের তুলনায় ৪২ শতাংশ বেশি। কংগ্রেস এই বাজেট পাস করলে এটি হবে আধুনিক মার্কিন ইতিহাসের সর্বোচ্চ প্রতিরক্ষা বাজেট। 

বার্তা সংস্থা রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসকে এই বাজেট অনুমোদনের অনুরোধ জানাবেন। হোয়াইট হাউস শুক্রবার এই বাজেট প্রস্তাবের নথি প্রকাশ করেছে। 

তবে ট্রাম্পের এই বিপুল সামরিক ব্যয়ের পরিকল্পনা ইরান সংঘাতের আগেই নেওয়া হয়েছিল বলে দাবি হোয়াইট হাউসের। এর মধ্যে ট্রাম্পের প্রস্তাবিত আকাশপথের হুমকি মোকাবিলায় অত্যাধুনিক ‘গোল্ডেন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অন্যতম। 

বাজেটের খসড়া অনুযায়ী, এই অর্থের বড় অংশ বেশ কয়েকটি যুদ্ধজাহাজ তৈরিতে ব্যয় হবে। এর মধ্যে গত ডিসেম্বরে ট্রাম্পের উন্মোচন করা ট্রাম্প-ক্লাস ব্যাটলশিপের নতুন সিরিজও রয়েছে। ইরানের বিরুদ্ধে চলমান অভিযানের জন্য মার্চে কংগ্রেসের কাছে ২০ হাজার কোটি ডলারের বাজেট চেয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর– পেন্টাগন।