সম্ভাব্য মার্কিন অভিযানের জন্য প্রস্তুত হচ্ছে কিউবার জনগণ

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসন মোকাবিলায় জোর প্রস্তুতি নিচ্ছে কিউবা। গত শনিবার সামরিক আগ্রাসন থেকে সুরক্ষায় পারিবারিক নির্দেশিকা নামে আদেশ জারি করে দেশটি। সব মানুষের যুদ্ধ নামে প্রতিরক্ষা মতবাদের ওপর ভিত্তি করে এই নির্দেশিকা তৈরি করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

ভেনেজুয়েলার তুলনায় কিউবার সেনাবাহিনী অধিক প্রশিক্ষিত এবং উন্নত সরঞ্জামে সজ্জিত বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। 

উল্লেখ্য, চলতি বছরের শুরুতে মার্কিন বাহিনী কয়েক ঘন্টার এক অভিযানে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক তুলে নিয়ে আসে। এক্ষেত্রে শক্ত কোনো প্রতিরোধের মুখে পড়তে হয়নি তাদেরকে।

এদিকে, দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে কিউবার ওপর অসংখ্য নিষেধাজ্ঞা আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প। জ্বালানি অবরোধ কার্যকরের মাধ্যমে দেশটির অর্থনীতিকে রীতিমতো পঙ্গু করে দিয়েছেন। এছাড়া, সম্প্রতি কিউবার চারপাশে সামরিক উপস্থিতিও বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন।

ওয়াশিংটনের অভিযোগ, চীন ও রাশিয়ার সাথে নিরাপত্তা ও গোয়েন্দা সম্পর্কের কারণে কিউবা যুক্তরাষ্ট্রের জন্য গুরুতর জাতীয় নিরাপত্তা হুমকি।

এই প্রেক্ষাপটে, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসন মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে কিউবা সরকার। মার্কিন সামরিক আগ্রাসনের বিরুদ্ধে সুরক্ষা নিশ্চিত করতে শনিবার পারিবারিক নির্দেশিকা নামের একটি আদেশ জারি করেছে দেশটি। নির্দেশিকায় সম্ভাব্য মার্কিন হামলা মোকাবিলায় পরিবারগুলোর করণীয়গুলো উল্লেখ করার পাশাপাশি বিভিন্ন সুরক্ষা প্রণালী তালিকাভুক্ত করা হয়েছে।

‘সব মানুষের যুদ্ধ’ নামে প্রতিরক্ষা মতবাদের ওপর ভিত্তি করে এই নির্দেশিকাটি তৈরি করা হয়েছে। গত শতাব্দীর শেষ দিকে সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের পর এই মতবাদ গৃহীত হয়েছিল।

এই মতবাদ অনুযায়ী, গেরিলা যুদ্ধ, স্থানীয় মিলিশিয়া এবং বেসামরিক প্রতিরক্ষা নেটওয়ার্কের মাধ্যমে বেসামরিক জনগণকে একত্রিত করে বিদেশি আগ্রাসন প্রতিরোধের পরিকল্পনা করা হয়।

গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক অর্থনীতির অধ্যাপক হ্যালেন ইয়াফে জানান, কিউবার প্রত্যেকেই সামরিকভাবে প্রশিক্ষিত এবং জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার সাথে অন্তর্ভুক্ত।

এদিকে, মার্কিন বাহিনীর ভেনেজুয়েলা মডেল কিউবাতে কাজ করবে না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। লাতিন আমেরিকা বিশ্লেষক কার্লোস মালামুদ বলেন, ভেনেজুয়েলার তুলনায় কিউবার সেনাবাহিনী অধিক প্রশিক্ষিত এবং উন্নত সরঞ্জামে সজ্জিত।

এছাড়া, কিউবাতে যেকোনো ধরনের হামলায় যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ঢল নামতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে বিশেষজ্ঞরা। ট্রাম্প প্রশাসনের জন্য এটা বরং হিতে বিপরীত হতে পারে বলে মত তাদের।