এইচ-ওয়ান-বি ভিসায় ট্রাম্পের নির্ধারিত ফি বাতিল করল মার্কিন আদালত

এইচ-ওয়ান-বি ভিসায় প্রেসিডেন্ট ট্রাম্পের আরোপকৃত এক লাখ ডলারের আবেদন ফি বাতিল করেছে মার্কিন আদালত। রায়ে বলা হয়, বিশেষায়িত ক্ষেত্রে উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীদের নিয়োগে কোম্পানিগুলোর ব্যবহৃত এই কর্মসূচিতে নীতি আরোপের এখতিয়ার প্রেসিডেন্টের নেই।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার মার্কিন ডিস্ট্রিক্ট জজ লিও সোরোকিন জানান, ফেডারেল অভিবাসন নীতিতে এই ধরনের বাধ্যবাধকতা যুক্ত করার ক্ষমতা কেবল কংগ্রেসের রয়েছে। 

এইচ-ওয়ান-বি ভিসা কর্মসূচির অতিরিক্ত ব্যবহার হচ্ছে উল্লেখ করে এর লাগাম টানার প্রচেষ্টায় গত বছর এক লাখ ডলারের এই বাধ্যবাধকতা আরোপ করেন ট্রাম্প। এর কয়েক মাস পর গত ডিসেম্বরে ডেমোক্রেটিক স্টেট অ্যাটর্নি জেনারেলদের একটি জোট এর বিরুদ্ধে মামলা দায়ের করে।

এইচ-ওয়ান-বি ভিসা বিদেশি পেশাজীবীদের এমন সব পেশায় কাজ করার সুযোগ দেয়, যেগুলোকে আরও বেশি বিশেষায়িত হিসেবে বিবেচনা করা হয়। এই ভিসার আবেদনকারীদের অবশ্যই একটি স্নাতক ডিগ্রি বা সমমানের যোগ্যতা থাকতে হয়।