ইসরায়েলকে সহায়তা বন্ধের পরামর্শ ট্রাম্পের সাবেক সহযোগীর

এদিকে ট্রাম্পের সাবেক এক সহযোগী বলছেন, চুক্তি কার্যকরে ওয়াশিংটনের উচিত তেল আবিবকে সমর্থন বন্ধ করা। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন মার্কিন ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের সাবেক প্রধান জো কেন্ট।

ইরান যুদ্ধ নিয়ে মতবিরোধের জেরে ট্রাম্প প্রশাসন থেকে পদত্যাগ করেছিলেন তিনি।

এক্স পোস্টে কেন্ট জানান, ইসরায়েলকে দেওয়া সব মার্কিন সামরিক ও গোয়েন্দা সহায়তা বন্ধ করে এই চুক্তি কার্যকর থাকার সম্ভাবনাকে আরও জোরদার করা যেতে পারে। তেল আবিব চুক্তি বানচালের প্রতিটি সুযোগই কাজে লাগিয়েছে বলেও জানান তিনি।

পারস্য উপসাগরের যেসব ঘাঁটিতে ইরানের হামলার সক্ষমতা রয়েছে সেগুলো থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার পরামর্শও দিয়েছেন কেন্ট। তেহরানের কট্টরপন্থীরা পুনরায় যুদ্ধ শুরু করতে এসব ঘাঁটিতে হামলা চালাতে পারে বলে শঙ্কা তার।