যুক্তরাষ্ট্রের নতুন হামলা ও যুদ্ধবিরতি বাতিলের ঘটনায় ক্ষোভে ফুঁসছে ইরান। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির নাগরিকরা বলেছেন, ওয়াশিংটনের ওপর তাদের আর কোনো আস্থা নেই। মার্কিন আগ্রাসনের জবাবে হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার দাবিও জানিয়েছেন তারা।
নতুন করে মার্কিন হামলা ও যুদ্ধবিরতি বাতিলের সিদ্ধান্তে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। এ পরিস্থিতিতে দেশের সার্বভৌমত্ব রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের বাসিন্দারা।
তাদের বক্তব্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা বা শান্তি আলোচনা সম্ভব নয়। কারণ, তারা আন্তর্জাতিক আইন ও চুক্তির তোয়াক্কা করে না। একই সঙ্গে তাদের দাবি, যুক্তরাষ্ট্রের ওপর ইসরায়েলের প্রভাবই শান্তি প্রতিষ্ঠার প্রধান বাধা।
বুধবার ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজার আনুষ্ঠানিকতার মধ্যেই বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর জবাবে বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালায় তেহরান। এরপরই যুদ্ধবিরতির চুক্তি বাতিলের ঘোষণা দেন ট্রাম্প। একই সঙ্গে হরমুজ প্রণালিতে তেল বিক্রির লাইসেন্স বাতিলের কথাও জানায় ওয়াশিংটন।
ইরানের নাগরিকদের মতে, সাম্প্রতিক হামলার পর হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত।
বিশ্লেষকদের আশঙ্কা, পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বে অস্থিরতা আরও বাড়তে পারে।