ইরানের পাঁচ প্রদেশে যুক্তরাষ্ট্রের দুই দিনের হামলায় অন্তত ১৪ জন নিহত এবং ৭৮ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র এ তথ্য জানান। আহতদের মধ্যে ৪৭ জন এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন।
এদিকে, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের তিন দেশে পাল্টা হামলা চালিয়েছে ইরান। লক্ষ্যবস্তু করা হয় কুয়েতের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, কাতারের স্যাটেলাইট অ্যান্টেনা স্থাপনা এবং বাহরাইনে মার্কিন সামরিক বাহিনীর জ্বালানি সংরক্ষণ ট্যাংক।
এর আগে বুধবার রাতে ইরানের ৯০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি করে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। দেশটির আব্বাস বন্দর, সিরিক, চাবাহার ও বুশেহরসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া যায়। চাবাহারে হামলার পর বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে বুশেহরের পারমাণবিক স্থাপনা অক্ষত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সেন্টকম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের বিরুদ্ধে নতুন দফার অভিযান শুরু হয়েছে। হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতার প্রতি ইরানের হুমকি মোকাবিলায় এ অভিযান পরিচালনা করা হচ্ছে।