মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরান হত্যার পরিকল্পনা করছে বলে দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলি গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের টার্গেট কিলিংয়ের তালিকায় ট্রাম্প এক নম্বরে আছেন। এমনকি এ বিষয়ে ট্রাম্পকে সতর্ক করার কথা জানিয়েছে তেল আবিব।
শুক্রবার ইসরায়েলের গোয়েন্দা প্রতিবেদনের এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। মার্কিন আরেক সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যটি ট্রাম্পকে হত্যার একটি সুনির্দিষ্ট পরিকল্পনার সঙ্গে সম্পর্কিত।
এ বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকার কিংবা ইরান কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। যদিও এর আগে ওয়াশিংটন দাবি করে, ট্রাম্পকে হত্যার জন্য ইরানের একাধিক পরিকল্পনা তারা নস্যাৎ করে দিয়েছে।
এর আগে ন্যাটো সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প নিজেই দাবি করেছিলেন, ইরানের এক নম্বর টার্গেট তিনি। ট্রাম্প জানান, তিনি সম্প্রতি একটি নতুন তালিকার কথা জানতে পেরেছেন, যেখানে তাকে ইরানের গুপ্তহত্যার ‘প্রধান টার্গেট’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এদিকে মার্কিন কয়েকজন কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন, ইসরায়েলি এই গোয়েন্দা তথ্য ট্রাম্পের সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করার অপচেষ্টা হতে পারে। কারণ, ট্রাম্প ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক পদক্ষেপ আরও জোরদার করবেন কিনা, সেটা এখন ভাবছেন।