মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর অভিবাসননীতির আওতায় এখন পর্যন্ত ১ লাখ ৭৫ হাজারের বেশি বিদেশি নাগরিকের ভিসা বাতিল করেছে পররাষ্ট্র দপ্তর। একই সময়ে আরও হাজার হাজার মানুষের ভ্রমণ ও অভিবাসনসংক্রান্ত বিভিন্ন সুবিধা বাতিল করা হয়েছে।
সোমবার দেশটির পররাষ্ট্র দপ্তর জানায়, ভিসার শর্ত ভঙ্গ, অপরাধে জড়িত থাকা, সহিংসতায় উসকানিতে ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বিবেচনায় ভিসা বাতিল করা হয়েছে।
এ ছাড়া ভিসা বাতিলের কারণ হিসেবে, হামলা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, চুরি ও মাদকসংক্রান্ত অপরাধের কথাও উল্লেখ করা হয়েছে।
কয়েকটি গুরুতর মামলার উদাহরণও দেওয়া হয়। এর মধ্যে ধর্ষণ-যৌন নিপীড়নের অভিযোগ, অপহরণ-মানব পাচারের অভিযোগ রয়েছে।
ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর গত বছর থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী অভিযান জোরদার করা হয়। এর অংশ হিসেবে বিপুলসংখ্যক অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে বৈধ ভিসাধারী ব্যক্তিও ছিলেন।