যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলা, আহত ৫

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুক হামলায় পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনার পর কয়েক ঘণ্টা ধরে পুরো ক্যাম্পাস অবরুদ্ধ করে রাখা হয়। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

হামলার পর ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটি এক বিবৃতিতে জানায়, শনিবার ভোরের দিকে বিশ্ববিদ্যালয়ের কোয়াড অ্যানেক্সেসের কাছে এই হামলা হয়। 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, হামলায় একাধিক সন্দেহভাজন জড়িত ছিলেন এবং এতে পাঁচজন আহত হয়েছেন। আহতদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন সকাল ৮টায় এক ঘোষণায় জানায়, ক্যাম্পাসে জারি করা আগের লকডাউন তুলে নেওয়া হয়েছে। তবে চলমান তদন্তের অংশ হিসেবে ক্যাম্পাসে ব্যাপকসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। এই ঘটনা সম্পর্কিত যেকোনো তথ্য নিকটস্থ চেস্টারফিল্ড কাউন্টি পুলিশকে দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ফল সেমিস্টার শুরুর ঠিক দুই দিন আগে এই গোলাগুলি হলো।