কানাডাকে সুখবর দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে নতুন করে বাণিজ্য যুদ্ধের আশঙ্কার মাঝেই শেষ মুহূর্তে এলো স্বস্তির খবর। কয়েক বিলিয়ন ডলারের কানাডীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন।

যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি হওয়া প্রায় ২০ দশমিক ২ বিলিয়ন ডলারের কানাডীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক কার্যকরের কথা ছিল মধ্যরাত থেকে। তবে সময়সীমা শেষ হওয়ার ঠিক আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, শুল্ক আরোপ ৩ দিনের জন্য স্থগিত করা হচ্ছে, যা বুধবার সকাল থেকে কার্যকর হবে বলে জানান তিনি। 

এদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী ২২ আগস্ট পর্যন্ত শুল্ক স্থগিত রাখতে সম্মত হয়েছে ওয়াশিংটন। 

গতকাল মঙ্গলবার দুই নেতার বৈঠকের পর আসে এই শেষ মুহূর্তের সমঝোতা। কয়েক সপ্তাহ ধরে চলা কঠিন বাণিজ্য আলোচনার পর দুই পক্ষই কিছু বিষয়ে অগ্রগতি অর্জন করেছে বলে জানিয়েছে কানাডা। প্রস্তাবিত শুল্কের আওতায় ছিল ইলেকট্রনিকস, শিল্প যন্ত্রপাতি, আসবাবপত্র, দুগ্ধজাত পণ্য ও ওয়াইনসহ বিভিন্ন কানাডীয় পণ্য।