সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকের তালিকা থেকে সিরিয়াকে বাদ দিল আমেরিকা

৪৭ বছর পর সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়াকে বাদ দিয়েছে আমেরিকা। বিদেশি বিনিয়োগের পথে থাকা বাধা দূর করা এবং দেশটিকে বৈশ্বিক অর্থনীতির সঙ্গে পুনরায় সম্পৃক্ত করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়ার নাম বাদ দেওয়ার পর বর্তমানে ওই তালিকায় রয়েছে মাত্র তিনটি দেশ—ইরান, উত্তর কোরিয়া ও কিউবা।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ‘সোমবার থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্ত সিরিয়ার জন্য সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করবে।’

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেস্যান্টও বলেন, ‘আজকের এই পদক্ষেপ সিরিয়ায় আরও বেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সহায়তা করবে, যা রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদার করবে।’

আল-কায়েদার একটি সহযোগী সংগঠনের নেতৃত্ব দেওয়ার কারণে একসময় যার মাথার জন্য যুক্তরাষ্ট্র পুরস্কার ঘোষণা করেছিল, সেই সাবেক যোদ্ধা ও বর্তমান সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারাকেও এর আগে স্বাগত জানিয়েছে ট্রাম্প প্রশাসন।

গত বছর যুক্তরাষ্ট্র আহমেদ আল-শারার নেতৃত্বাধীন ইসলামপন্থি গোষ্ঠী তাহরির আল-শামকে তাদের সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে সরিয়ে দেয়।

২০২৪ সালের শেষ দিকে সরকারবিরোধী বাহিনীর অভিযানের নেতৃত্ব দেয় তাহরির আল-শাম ফ্রন্ট। সেই অভিযানের ফলেই সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হন।