যুক্তরাষ্ট্রের সরকারি মুদ্রায় স্থান পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। মার্কিন প্রতিষ্ঠানগুলোতে নিজের ব্যক্তিগত ছাপ রাখার যে ধারাবাহিক প্রচেষ্টা ট্রাম্প চালিয়ে যাচ্ছেন, তারই অংশ হিসেবে এবার ১ ডলারের এই বিশেষ মুদ্রা বাজারে আনা হয়েছে।
উল্লেখ্য, দায়িত্বপ্রাপ্ত কোনো প্রেসিডেন্টের ক্ষেত্রে মুদ্রায় স্থান পাওয়ার ঘটনা মার্কিন ইতিহাসে এই প্রথম। সাধারণত যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন অনুযায়ী পদে থাকা কোনো জীবিত ব্যক্তির ছবি মার্কিন মুদ্রায় প্রকাশ করা নিষিদ্ধ।
তবে ফেডারেল আইনের সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই বুধবার (২ সেপ্টেম্বর) ট্রাম্পের অবয়ব সংবলিত ১ ডলারের বিশেষ মুদ্রা আনুষ্ঠানিকভাবে উন্মোচন করে মার্কিন সরকারি টাকশাল। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপনে এই পদক্ষেপ নেওয়া হয়।
নতুন এই মুদ্রায় প্রেসিডেন্টের প্রতিকৃতির পাশাপাশি ইংরেজি হরফে খোদাই করা রয়েছে ‘লিবার্টি’ এবং ‘ইন গড উই ট্রাস্ট’ শব্দগুচ্ছ। বিক্রির জন্য উন্মুক্ত করার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ওয়েবসাইটে মুদ্রাগুলোর স্টক শেষ হয়ে গেছে বলে দেখা যায়।