যুক্তরাষ্ট্রে কার্গো বিমান দুর্ঘটনায় নিহত ৫

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ের পাশের সড়কে একটি কার্গো বিমান ছিটকে পড়েছে। এসময় উড়োজাহাজটি ওই সড়কে থাকা কয়েকটি গাড়িতে আঘাত করে। এতে অন্তত ৫ জন নিহত হয়েছে।

রোববার মিয়ামির স্থানীয় সময় দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ৫ জন। উড়োজাহাজটি পুয়ের্তো রিকোর লুইস মুনোজ মারিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিয়ামির উদ্দেশে উড়াল দিয়েছিল। দুর্ঘটনার শিকার বোয়িং কার্গো উড়োজাহাজটি বিশ্বখ্যাত ই-কমার্স জায়ান্ট অ্যামাজন পরিচালিত প্রাইম এয়ারের।

এদিকে, দুর্ঘটনার পর মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।