প্রায় এক বছর নির্বাসনে থাকার পর নিজ দেশে ফিরেছেন ভেনেজুয়েলার বিরোধী নেতা ও নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদো।
স্থানীয় সময় রোববার তার এই প্রত্যাবর্তনকে ঘিরে উচ্ছ্বসিত জনতার ঢল নামে। দেশে ফিইে যুক্তরাষ্ট্র-সমর্থিত অন্তর্বর্তী সরকারের প্রতি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি।
এএফপি জানিয়েছে, মাচাদো রাজধানী কারাকাসের দিকে গাড়ি ও মোটরসাইকেলের বহর নিয়ে যাওয়ার সময় মহাসড়ক, টোল প্লাজা ও শহরের সড়কগুলোতে হাজার হাজার মানুষ ভেনেজুয়েলার পতাকা হাতে জড়ো হন। এ সময় তারা ‘স্বাধীনতা’ স্লোগান দেন।
ভিডিওতে দেখা যায়, একটি জনাকীর্ণ চত্বরে সমর্থকদের সঙ্গে জাতীয় সংগীতে কণ্ঠ মেলাচ্ছেন মাচাদো। সেখানে উপস্থিত লোকজন পতাকা হাতে তার প্রত্যাবর্তন উদ্যাপন করেন।
নিজের পরিচিত সাদা টি-শার্ট ও নীল জিনস পরা মাচাদো একটি গাড়ির ছাদে থাকা সানরুফ দিয়ে শরীরের ওপরের অংশ বের করে জনতার উদ্দেশে হাত নাড়েন।
এ সময় এক নারী চিৎকার করে বলেন, ‘মারিয়া, আপনি যদি দেশে ফিরতে পারেন, তাহলে আমার মেয়েকেও দেশে ফিরতে হবে!’
মাচাদোর প্রত্যাবর্তনের মধ্য দিয়ে ভেনেজুয়েলার সবচেয়ে প্রভাবশালী এই বিরোধী নেত্রী আবারও দেশটির অস্থির রাজনৈতিক পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে চলে এলেন।
গত বছরের ডিসেম্বরে নোবেল শান্তি পুরস্কার গ্রহণের জন্য তিনি গোপনে দেশ ছাড়েন। এর আগে প্রায় এক বছর আত্মগোপনে ছিলেন তিনি।