মিয়ানমারের রাখাইনে জান্তা বাহিনীর বোমা হামলায় ২৩ রোহিঙ্গা নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩৩ জন। মিনবিয়া শহরে হতাহতের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে মিয়ানমারের সংবাদমাধ্যম দ্য ইরাবতি।
এদিকে, ওই বিমান হামলার তথ্যে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
স্থানীয়রা জানান, সোমবার সকালে থারডার এলাকায় জান্তা বাহিনীর যুদ্ধবিমান থেকে দুটি বোমা ফেলা হয়। এতে নারী-শিশুসহ বেশকয়েকজন হতাহত হয়। গুরুতর আহত ১৮ রোহিঙ্গার চিকিৎসার ব্যবস্থা করেছে বিদ্রোহী আরাকান আর্মি। আর ১৫ জনকে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
থারডার এলাকায় ৩০০ রোহিঙ্গা পরিবারের বাস, জনসংখ্যায় ২ হাজারের বেশি। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের অনেকেই ওই এলাকায় আশ্রয় নিয়েছেন। ৬ ফেব্রুয়ারি মিনবিয়া শহর দখলে নেয় আরাকান আর্মি। এরপর থেকেই শহরটিতে বিমান হামলা ও গোলাবর্ষণ করছে জান্তা বাহিনী। গত ১৬ মার্চ জান্তার জেট ফাইটার হামলায় মিনবিয়ার একটি পাবলিক স্কুলে ক্লাসরুমগুলি ক্ষতিগ্রস্ত হয়েছিল।
এদিকে, মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীগুলোর কাছে তিনদিনে আরও একটি শহর ও কয়েকটি সামরিক ঘাঁটি হারিয়েছে জান্তা সরকার। এর পর থেকেই আরাকান আর্মির জব্দ করা অন্যান্য শহরেও জান্তা সরকার বিমান ও কামান হামলা চালাচ্ছে বলে জানা গেছে। রাখাইন ও কাচিন রাজ্য এবং বাগো ও সাগাইং অঞ্চলে এসব ঘটনা ঘটে। গত নভেম্বরে সশস্ত্র গোষ্ঠীটি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে আক্রমণ শুরু করার পর থেকে পাউকতাও, পোন্নাগিউন, মিনবিয়া, মাইবোন, রামরি, রাথেদাউং, কিয়াউকতাও এবং তাউং পিয়ো লেটওয়ে শহরগুলি আরকান আর্মির অধীনে চলে গেছে।