সু চির জন্মদিনে চুলে ফুল গুঁজে সামাজিকমাধ্যমে পোস্ট, গ্রেপ্তার ২২

নোবেলজয়ী গণতন্ত্রপন্থী নেত্রী ও ক্ষমতাচ্যুত মিয়ানমারের প্রধানমন্ত্রী অং সান সু চির জন্মদিন উপলক্ষে চুলে ফুল গুঁজে ছবি পোস্ট করেছিলেন সুচির অনুরাগীরা। এই অপরাধে গতকাল বুধবার মিয়ানমারের মান্দাল নগরী থেকে ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মিয়ানমারের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গতকাল বুধবার ছিল অং সান সু চির জন্মদিন। এ দিন উদযাপন উপলক্ষে মান্দাল নগরীতে চুলে ফুল গুঁজে জনসমাগমস্থলে জড়ো হয়েছিলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছিলেন। এ কারণ অন্তত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে মিয়ানমারের পুলিশ। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, গ্রেপ্তারের সংখ্যা অন্তত ২২ জন।

জান্তাপন্থী হিসেবে পরিচিত একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে বেশ কিছু ছবি পোস্ট করে ওই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। তবে বিবিসি জানিয়েছে, তারা স্বাধীনভাবে ওই পোস্টের সত্যতা যাচাই করতে পারেনি।

২০২১ সালের সু চির গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে মিয়নমার সেনাবাহিনী। তারপর থেকে সু চিকে বন্দী করে রেখেছে জান্তা সরকার। 

মিয়ানমারের সাবেক প্রধানমন্ত্রী সু চি সব সময় কানের পিঠে ফুল গুঁজে থাকেন। গতকাল ছিল তাঁর ৭৯তম জন্মবার্ষিকী। এই নেত্রী দীর্ঘ দিন ধরেনই শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন। বিশ্বের বিভিন্ন দেশ ও মানবাধিকার সংগঠন সু চির মুক্তি দাবি করলেও জান্তা সরকার এখনও তা আমলে নেয়নি।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের ফেব্রুয়ারিতে কারাবন্দী হন সু চি। এরপর শুধু গত বছরের জুলাইয়ে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সু চির সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিলেন। সু চির পরিবারের কাউকে তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া হয় না।

গত বছরের ফেব্রুয়ারিতে সু চির ছেলে কিম আরিস এএফপিকে বলেছিলেন, তিনি তাঁর মায়ের কাছ থেকে চিঠি পেয়েছেন। চিঠিতে সু চি জানিয়েছেন, তিনি ‘মানসিকভাবে শক্ত’ আছেন।