আফগানিস্তানে ভূমিকম্প

চারপাশ শুধুই ধ্বংসস্তূপ, খোলা আকাশের নিচে অনেকে

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে মাটির সাথে মিশে গেছে কুনার প্রদেশের তিনটি গ্রাম। চারপাশ এখন শুধু ধ্বংসস্তূপ। এই ভূমিকম্পে প্রাণহানি হয়েছে ১ হাজার ৪১১ জনের। ধ্বংস হয়েছে প্রায় ৫ হাজার ঘরবাড়ি। পরিবারের সদস্যদের হারিয়ে শোকে স্তব্ধ বেঁচে যাওয়া সদস্যরা।

রয়টার্স জানিয়েছে, গত সোমবার রাতে ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তানের পূর্বাঞ্চল। ভূমিকম্পের মাত্রা ছিল ৬। পরে একই এলাকায় আরও দুইবার ৫.৫ মাত্রার কম্পন হয়।

ভূমিকম্পে একেবারে মাটির সঙ্গে মিশে গেছে কুনার প্রদেশের তিনটি গ্রাম। ভোররাতে ভূমিকম্পের সময় সবাই ছিলেন ঘুমিয়ে। তাই জোরালো কম্পনে কেউ কিছু বোঝার আগেই ধসে পড়ে ঘরবাড়ি। মুহূর্তেই সব পরিণত হয় ধ্বংসস্তূপে।

গ্রামের এমন কোনো বাড়ি নেই যেখানে কেউ মারা যাননি। ইউনুস খান নামের একজনই হারিয়েছে পরিবারের ১২ জন সদস্যকে । 

ইউনুস খান বলেন, এ রকম ভূমিকম্প আগে কখনও হয়নি। দুই বছর আগে এমন একটি ভূমিকম্প হয়েছিল যাতে ঘরবাড়ি ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু কেউ প্রাণ হারায়নি। আজ আমি আমার পরিবারের ১২ জন সদস্যকে হারালাম।

বেঁচে যাওয়া মানুষগুলো এখনো থাকছেন খোলা আকাশের নিচে। একটি ছোট তাঁবুতে ৫-৬টি পরিবার থাকার চেষ্টা করছে। নেই খাবার, পানি, নেই কোনো সরঞ্জাম। চারপাশে শুধু ধ্বংসস্তূপ, কান্না আর শোক।

ইউনুস খান বলেন, গত রাতে বৃষ্টি হচ্ছিল এবং আমাদের কোনও আশ্রয় ছিল না। এখানে কেবল একটি পরিবার নয়, পুরো গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের অনুরোধ, সাহায্য দিলে যেন তা পুরো গ্রামে পৌঁছায়।
জাতিসংঘ সতর্ক করেছে, ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকা পড়ে থাকতে পারে। তাই মৃতের সংখ্যাও আরও বাড়ার আশঙ্কা রয়েছে।