নির্বাচনে লড়বেন নেপালের জেন-জি আন্দোলনের নেতা সুদান

চলতি মাসে জেন-জিদের নেতৃত্বে ব্যাপক বিক্ষোভের মুখে মাত্র দুই দিনে নেপালে কেপি শর্মা অলি সরকারের পতন ঘটে। এরপর অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন সুশীলা কার্কি। দায়িত্ব নিয়েই ঘোষণা দেন ২০২৬ সালের মার্চে জাতীয় নির্বাচনের।

নেপালের জেন-জি আন্দোলনের অন্যতম পরিচিত মুখ সুদান গুরুং। এবার জাতীয় নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন ৩৬ বছর বয়সী এই নেতা। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

আল জাজিরার স্যান্দ্রা গাথম্যানকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নির্বাচনে লড়ার কথা জানিয়েছেন সুদান গুরুং। তিনি জানান, তাঁর দল এরই মধ্যে সমর্থকদের জড়ো করার কাজ শুরু করেছে। নির্বাচনে যেন আগের সেই দুর্নীতিবাজ রাজনীতিবিদ ও দলগুলো অংশ নিতে না পারে সেটিই তাদের চাওয়া বলে জানান তিনি।

সুদান গুরুং বলেন, ‘পূর্বের সরকার ছিল স্বার্থপর এবং দুর্নীতিবাজ রাজনীতিবিদে ঠাসা। যদি তাঁরা আবারও এমন রাজনীতি চায় তাহলে এমনটিই পাবে। অতীতের সরকার আমাদের রাজনীতিতে আসতে বাধ্য করেছে। আমরা আগামী নির্বাচনে লড়ব, আমরা এখনই পিছপা হব না।’

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নয়, দলবদ্ধ হয়ে নির্বাচন করবেন বলে জানিয়েছেন সুদান গুরুং। তিনি বলেন, ‘যদি আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ি তাহলে আমরা এই তরুণদের শক্তি পাব না। একসঙ্গেই আমরা শক্তিশালী।’

সুদান গুরুং ও তাঁর দল কেবল দুর্নীতিবিরোধীই নয়, তাঁরা নেপালের পর্যটন খাতকে সমৃদ্ধ এবং চীন ও ভারতের সঙ্গে সম্পর্ক শক্তিশালীকরণেও কাজ করবেন। সুদান বলেন, ‘আমরা ভারত ও চীনের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করব। আর এটি হবে বাইরের কোনো শক্তির হস্তক্ষেপ ছাড়া। আমাদের পরস্পরকে পরস্পরের সম্মান জানাতে হবে।’ 

প্রধানমন্ত্রী হওয়ার জন্য লড়াই করবেন কিনা এমন প্রশ্নের জবাবে সুদান গুরুং বলেন, ‘আমি বলব না আমি যোগ্য ব্যক্তি। কিন্তু মানুষ যদি আমাকে চায় আমি অবশ্যই প্রধানমন্ত্রী পদের জন্য লড়ব।’