এ সপ্তাহেই উত্তর কোরিয়া সফর করবেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং

চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং চলতি সপ্তাহেই উত্তোর কোরিয়া সফরে যাবেন বলে জানা গেছে। আজ মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, দেশটির ক্ষমতাসীন দলের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে উত্তর কোরিয়া সফর করবে চীনের একটি প্রতিনিধি দল, যার নেতৃত্বে থাকবেন প্রধানমন্ত্রী এবং চীনের দ্বিতীয় সর্বোচ্চ নেতা লি কিয়াং।

আজই পৃথক এক ঘোষণায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মন্ত্রণালয় বলছে, আগামী ৯ থেকে ১১ অক্টোবর পর্যন্ত প্রধানমন্ত্রী লি কিয়াং উত্তর কোরিয়া সফর করবেন। চীন তাঁর এই সফরের মাধ্যমে উত্তর কোরিয়ার সাথে যোগাযোগ বাড়াতে এবং অংশীদারিত্বের সম্পর্ক আরও জোরদার করতে ইচ্ছুক বলে জানিয়েছে।

ইতোপূর্বে কেসিএনএ জানিয়েছে যে, শুক্রবার উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়া’র ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে যোগ দিতে যাচ্ছে রাশিয়ার ক্ষমতাসীন উনাইটেড রাশিয়া পার্টির একটি প্রতিনিধি দল, যার নেতৃত্বে থাকবেন চেয়ারম্যান চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। 

উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষ্যে গত মাসে চীনে আয়োজিত বিশাল এক সামরিক কুচকাওয়াজে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে যোগ দিয়েছিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। রাজনৈতিক বিশ্লেষকরা বিষয়টিকে বিশ্ব কূটনীতিতে কিমের অবস্থানকে সুসংহত করার প্রয়াস হিসেবেই দেখেছে।

উত্তর কোরিয়ার কিম মঙ্গলবার পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছেন। সেখানে তিনি বলেছেন, রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে বিদ্যমান এই জোট কেবলমাত্র দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নেই নয়, বরং একটি ‘ন্যায়সঙ্গত ও বহু-মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা’ গড়ে তোলার ক্ষেত্রেও অবদান রাখবে।

তথ্যসূত্র: রয়টার্স