শ্রীলঙ্কায় শক্তিশালী ঘূর্ণিঝড় দিতওয়ার প্রভাবে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৫৩ জনে। এখনও নিখোঁজ ২০০ জন। এ পরিস্থিতিতে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
একই সঙ্গে প্রাকৃতিক এই বিপর্যয়কর পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে দেশটির সরকার।
শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র বলছে, বৈরি আবহাওয়ায় ২০ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার পরিচালিত আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে ৭৮ হাজার মানুষকে। বৈরি আবহাওয়ায় বিদুৎবিচ্ছিন্ন ২৫ থেকে ৩০ শতাংশ এলাকা। বন্ধ করা হয়েছে সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান।