ইন্দোনেশিয়ায় ভূমিধস

ভয়াবহ ভূমিধসে অন্তত ৭ জনের মৃত্যু, নিখোঁজ ৮২

ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে ভয়াবহ ভূমিধসে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৮২ জন। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে উদ্ধারকারী দল। দেশটির বিপর্যয় প্রশমন সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কর্তৃপক্ষ জানিয়েছে, পশ্চিম বান্দুং অঞ্চলের একটি গ্রামে ভূমিধসটি হয়। কয়েকদিন ধরে ভারি বৃষ্টিপাতের ফলে ভূমিধসের কবলে পড়ে বানদুং শহর। বুরাংরাং পর্বতের ঢাল থেকে নেমে আসা জলপ্রবাহ ও আলগা মাটি প্রায় ৩০টি বাড়ির ওপর পড়ে। দুর্ঘটনার সময় বেশিরভাগ বাসিন্দা ঘুমিয়ে ছিলেন। 

নিহত ও আহতের সংখ্যা নথিভুক্ত করার প্রক্রিয়া এখনো চলমান। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। 

টানা ভারি বৃষ্টির কারণে পুরো এলাকা প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় থাকা মানুষদের নিরাপদ স্থানে সরানোর নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। 

গত বছর ইন্দোনেশিয়ায় ভূমিধসে প্রায় ১ হাজার ২০০ মানুষের মৃত্যু হয়। ওই ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই আরেকবার ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়ল ইন্দোনেশিয়ার মানুষ।