মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আবারও ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। রাজধানী কুয়ালালামপুরের তামান মালুরি রাতের বাজারে অভিযানে বাংলাদেশিসহ ২০০ বিদেশি নাগরিককে আটক করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পর টানা ২ সপ্তাহ নজরদারি চালিয়ে রোববার বিশেষ অভিযান চালানো হয়। এতে সহায়তা করে কুয়ালালামপুর ও পুত্রজায়া অভিবাসন বিভাগের পাশাপাশি কুয়ালালামপুর সিটি হল।
কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক জানান, অভিযানে মোট ৫শ জনের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে ৪০৭ জন বিদেশি ও ৯৩ জন মালয়েশিয়ার নাগরিক ছিলেন।
পরে পরীক্ষা শেষে বৈধ নথিপত্র না থাকায় ২শ জনকে আটক করা হয়, যাদের মধ্যে ৭৫ জন নারী। আটক ব্যক্তিরা বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, ভিয়েতনাম, চীন, পাকিস্তান এবং ভারতের নাগরিক। সূত্র: রয়টার্স