ফিলিপাইনে ফেরিতে অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে ৭৬

ফিলিপাইনে ফেরিতে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ জনে। সবশেষ ফেরিটির ধ্বংসাবশেষ থেকে ৪১ জনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ১৩ জন। রয়টার্স জানিয়েছে এ খবর।

ম্যানিলা থেকে পর্যটনকেন্দ্র কোরনের উদ্দেশে যাওয়ার পথে এমভি জুন অ্যাস্টার ফেরিটিতে আগুন লাগে। ওই সময় ফেরিটিতে ১৩০ জনের বেশি যাত্রী ছিলেন।

বিষাক্ত ধোঁয়া ও ফেরির ভেতরে থাকা প্রচণ্ড তাপের কারণে উদ্ধারকাজে বাধা সৃষ্টি হয়। এ কারণে শুক্রবারের আগে উদ্ধারকারী দল ফেরিতে উঠতে পারেনি।

ফিলিপাইন কোস্ট গার্ড জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্ত এবং আগুন লাগার কারণ জানাই এখন কর্তৃপক্ষের প্রধান লক্ষ্য। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফেরিটির কার্গো রাখার অংশ থেকে আগুনের সূত্রপাত হয় এবং পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে।

ফেরিটির পরিচালনাকারী প্রতিষ্ঠান অ্যাটিয়েনজা ইন্টারআইল্যান্ড ফেরিস তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে।