ডিসেম্বরে সাড়ে ৬ হাজার রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

ছয় হাজারের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া সরকার। ডিসেম্বরে ২ ধাপে তাদের ফেরত পাঠানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তবে আন্তর্জাতিক বিচার আদালত-আইসিজে, মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা বিষয়ে রায় দেয়ার পর এ উদ্যোগ ঘিরে তৈরি হয়েছে উদ্বেগ।

 ১৯ নভেম্বর মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা বিষয়ে রায় ঘোষণা করে আইসিজ। এর মাত্র ৫ দিনের মাথায় প্রত্যাবাসন পরিকল্পনা ঘোষণা করে মালয়েশিয়া সরকার। ডিসেম্বরেই সাড়ে ৬ হাজারের বেশি রোহিঙ্গাকে নিজ দেশে ফেরত পাঠাতে চায় দেশটি।

মঙ্গলবার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানান, আগামী ৬ ও ৭ ডিসেম্বর নৌবাহিনীর ৩টি জাহাজে দেড় হাজার রোহিঙ্গাকে ফেরত পাঠানো হবে। একই মাসে আকাশপথে যাবে আরও ৫ হাজার ৩০৩ জন। এর পুরো খরচ বহন করবে মিয়ানমার সরকার।

এর আগে গত সেপ্টেম্বর মিয়ানমারের প্রায় দেড় হাজার অভিবাসীকে ফেরত পাঠায় মালয়েশিয়া। সে সময় এ্ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে উদ্বেগ জানায় মানবাধিকার সংস্থাগুলো।

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউ/এন/এইচ/সি/আরের তথ্য অনুযায়ী, গত আগস্ট পর্যন্ত মালয়েশিয়ায় নিবন্ধিত শরণার্থী ও আশ্রয়প্রার্থী দুই লাখ ২৫ হাজারের বেশি। এর প্রায় ৯০ শতাংশই মিয়ানমারের নাগরিক। 

মালয়েশিয়া দীর্ঘদিন ধরেই রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আসছে। তবে বিপুলসংখ্যক শরণার্থীকে নিয়ে অভ্যন্তরীণ চাপে আছে দেশটি। আনোয়ার ইব্রাহিমের দাবি, তৃতীয় দেশে পুনর্বাসনের সুযোগ তৈরি না হওয়ায় তাদের আশ্রয় দেওয়া আর সম্ভব নয়।

এদিকে, গত মাসে মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইংকে আতিথ্য দেয়ায় মালয়েশিয়ার সমালোচনা করেছে মানবাধিকার সংগঠনগুলো। তাদের আশঙ্কা, এতে মিয়ানমার সরকার বৈধতা পেতে পারে। অন্যদিকে, ফেরত পাঠানো রোহিঙ্গারাও পড়তে পারে নিরাপত্তা ঝুঁকিতে।

সবমিলিয়ে, রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আন্তর্জাতিক আদালতের নির্দেশনা থাকলেও, নতুন এই পরিকল্পনা বাস্তবে কতটা নিরাপদ হবে, তা নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে। 

সূত্র: আল জাজিরা।