চাঁদে বসতি গড়ার লক্ষ্যে ‘শেনঝু টুয়েন্টি থ্রি’ অভিযান শুরু করেছে চীন। স্থানীয় সময় রোববার রাত ১১টায় চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের জিউকুয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। পরে তিন মহাকাশচারীকে তিয়াংগং মহাকাশ স্টেশনে পৌঁছে দেয় এ মহাকাশযান।
মানবদেহে দীর্ঘ সময় মহাকাশে অবস্থানের প্রভাব পরীক্ষা করতে যাচ্ছে চীন। তাই এবারের অভিযানে মহাকাশচারীদের একজন এক বছরের জন্য পৃথিবীর কক্ষপথে অবস্থান করবেন। এ পরীক্ষায় অংশ নেওয়া নভোচারীর নাম পরবর্তীতে ঘোষণা করা হবে।
হংকং-এর প্রথম মহাকাশচারী হিসেবে এ অভিযানে অংশ নিয়েছেন পুলিশ কর্মকর্তা লাই কা-ইং। বাকি সদস্যদের মধ্যে আছেন মহাকাশ বিশেষজ্ঞ ও প্রকৌশলী ঝু ইয়াংঝু এবং প্রাক্তন পাইলট ঝাং ঝিউয়ান।
এই নভোচারী দল জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, ও চিকিৎসাবিজ্ঞানে বেশ কিছু প্রকল্প নিয়ে স্পেস স্টেশনে কাজ করবেন বলে আশা করা হচ্ছে।
২০৩০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা বেইজিংয়ের। এ অভিযানকে তাদের সম্ভাব্য মঙ্গল অভিযানেরও প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে।