পাকিস্তানের সঙ্গে অটুট সম্পর্কের প্রশংসা করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে দুদেশের অংশীদারত্ব আরও গভীর করার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার বেইজিংয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান তিনি।
বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে পাকিস্তানি প্রধানমন্ত্রীকে পুরোনো বন্ধু সম্বোধন করে শি জিনপিং বলেন, গত কয়েক দশক ধরে দুদেশ একে অপরকে অনুধাবন করেছে, বিশ্বাস করেছে এবং সমর্থন জুগিয়েছে। আন্তর্জাতিক পরিস্থিতি যেভাবে ও যেদিকেই পরিবর্তিত হোক না কেন, চীন সর্বদা তার প্রতিবেশী কূটনীতিতে বেইজিং-ইসলামাবাদ সম্পর্কের উন্নয়নে অগ্রাধিকার দেয় বলেও জানান তিনি।
বৈঠকে পাকিস্তানের সঙ্গে কৃষি, শিল্প, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রতিভা বিকাশের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে চীন।