মস্কোতে যত বড় হামলা 

রাশিয়ার রাজধানী মস্কোর একটি কনসার্ট হলে বন্দুকধারীদের হামলায় শতাধিক মানুষ হতাহত হয়েছেন। এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যায়িত করেছে রুশ সরকার। এই হামলার আগেও গত ২৫ বছরে বেশ কয়েকটি বড় হামলা দেখেছে মস্কো। ইনডিপেনডেন্ট ডিজিটালের পাঠকের জন্য সেইসব হামলার ঘটনা তুলে ধরা হলো- 

মস্কোতে অ্যাপার্টমেন্টে বোমা হামলা (১৯৯৯) 

১৯৯৯ সালের ১৩ সেপ্টেম্বর রাশিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় একটি আট তলা ভবনে বোমা বিস্ফোরণে ১১৮ জন নিহত হন। ওই সময় দুই সপ্তাহের ব্যবধানে রাশিয়ার দক্ষিণাঞ্চল ও মস্কোর পাঁচটি অ্যাপার্টমেন্টে হামলা চালানো হয়। এতে ২৯৩ জন নিহত হন। এ হামলার জন্য মস্কো মুসলিম অধ্যুষিত চেচনিয়া থেকে আসা বিচ্ছিন্নতাবাদীদের এ হামলার জন্য দায়ী করে। এরপরই চেচনিয়ায় বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অভিযান চালান পুতিন। 

থিয়েটার জিম্মি (২০০২)

২০০২ সালে ২৩ অক্টোবর চেচেন বিদ্রোহীরা মস্কোর দুব্রোভকা থিয়েটারে একটি সংগীত উৎসব চলাকালে ৮০০ জনকে জিম্মি করে। ওই সময় তিন রাত দুই দিন ধরে অভিযান চালিয়ে জিম্মিদের উদ্ধার করে রাশিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় ১৩০ জিম্মি নিহত হন। 

রক কনসার্ট হামলা (২০০৩) 

২০০৩ সালে চেচেন বিচ্ছিন্নতাবাদীরা মস্কোর তুশিনোর বিমানঘাঁটির কাছে একটি রক কনসার্টে হামলা চালায়। এতে ১৫ জন নিহত ও ৫০ জন আহত হন। ওই অনুষ্ঠানে প্রায় ২০ হাজার মানুষ উপস্থিত ছিল। 

মেট্রোতে বোমা হামলা (২০০৪)

২০০৪ সালের ৬ ফেব্রুয়ারি চেচেন বিদ্রোহীরা রাশিয়ার একটি সাবওয়েতে বোমা হামলা চালায়। এতে ৪১ জন নিহত হন।

মেট্রোতে আত্মঘাতী হামলা (২০১০)

২০১০ সালের ২৯ মার্চ দুই নারী আত্মঘাতী হামলাকারী মস্কোর একটি সাবওয়েতে হামলা চালান। এ হামলায় ৪০ জন নিহত হন। এই হামলাটি চালানো হয়েছে মস্কো লুবিয়াঙ্কা স্টেশনে। এর পাশে রুশ গোয়েন্দা সদর দপ্তর অবস্থিত। এ হামলাতেও জড়িত ছিলেন চেচেন বিদ্রোহীরা। তখন হামলার দায় স্বীকার করেন চেচেন নেতা দকু উমারভ। 

বিমানবন্দরে হামলা (২০১১)

২০১১ সালের ২৪ জানুয়ারি মস্কোর ডোমোডেডোভো আন্তর্জাতিক বিমানবন্দরে আত্মঘাতী হামলা চালায় হামলাকারীরা। এতে ৩৭ জন নিহত হন।

আরও পড়ুন: