রাশিয়ার রাজধানী মস্কোর কাছে ক্রোকাস সিটি হল কনসার্ট সেন্টারে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় এখনো ৯৫ জন নিখোঁজ রয়েছে। বুধবার একটি রাশিয়ান সংবাদমাধ্যমের বরাতে এ খবর দিয়েছে রয়টার্স।
ক্রোকাস সিটি হলের হামলায় সরকারিভাবে এখন পর্যন্ত ১৪০ জন নিহত ও ১৮২ জনের আহতের কথা জানানো হয়েছে। তবে রাশিয়ার ‘‘বাজা নিউজ সার্ভিস’’ বলেছে, নিখোঁজ আত্মীয়দের সম্পর্কে লোকজনের আবেদনের ভিত্তিতে জরুরি পরিষেবা বিভাগের সংকলিত তালিকায় আরও ৯৫ জন নিখোঁজ রয়েছে। দেশটির নিরাপত্তা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে এই বাজা নিউজ সার্ভিসের ভালো যোগাযোগ রয়েছে।
নিউজ সার্ভিসটি জানাচ্ছে, ‘এই তালিকায় এমন লোক রয়েছে যাদের সঙ্গে সন্ত্রাসী হামলার পর থেকে আত্মীয়রা যোগাযোগ করতে পারেনি। এসব লোক আহত ও নিহতদের তালিকায় নেই। এর মধ্যে কিছু লোক নিহত হয়েছে, তবে এখনও তাঁদের পরিচয় জানা যায়নি।’
রাশিয়ার তদন্তকারীরা জানিয়েছে, স্বয়ংক্রিয় অস্ত্র ‘‘কালাশনিকভ’’ ব্যবহার করে চার বন্দুকধারী এই হামলা চালায়। ঘটনাস্থলে পাঁচ শতাধিক রাউন্ড গুলি পাওয়া গেছে।
গত ২২ মার্চ ক্রোকাস সিটি হল কনসার্ট সেন্টারে সোভিয়েত যুগের রক গ্রুপ ‘‘পিকনিক’’ একটি কনসার্টের আয়োজন করে। গান শুরুর ঠিক আগ মুহূর্তে দর্শকে যখন কানায় কানায় পূর্ণ, ঠিক সে সময় হামলা চালানো হয়। বন্দুকধারীরা প্রথমে দর্শকদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি করে এবং পরে আগুন ধরিয়ে দেয়। ছাদ ধসে পড়ার আগে ২০০ জনেরও বেশি লোক জ্বলন্ত ভবনটিতে আটকে ছিল বলে ধারণা করা হচ্ছে। জরুরি পরিষেবা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ‘‘বাজা নিউজ সার্ভিস’’।
রাশিয়ার সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলো গুলির ঘটনার পর থেকে ভিকটিমদের খুঁজে পেতে সাহায্য করার আবেদনে ভরে গেছে।
‘‘ক্রোকাস। হেল্প সেন্টার’’ নামের একটি টেলিগ্রাম চ্যাটে মিলিত হওয়া বন্ধু ও আত্মীয়রা নিখোঁজ কনসার্টকারীদের নাম একে–অপরকে জানায়।
সংশ্লিষ্ট খবর: