ইউরোপী ইউনিয়ন (ইইউ) ভুক্ত দেশের বাইরে থাকা দেশের কেউ স্পেনে বাড়ি কিনতে চাইলে তাঁকে সর্বোচ্চ ১০০ শতাংশ কর দিতে হবে। আবাসন নিয়ে সংকট মোকাবিলায় এ পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা করছে দেশটির সরকার।
আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদেন বলছে, প্রাথমিকভাবে পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে এই কর কীভাবে কার্যকর হবে বা অনুমোদনের জন্য কবে সংসদে উপস্থাপন করা হবে তা ঠিক হয়নি এখনও।
১০০ ভাগ কর আরোপের পদক্ষেপের ঘোষণা দিয়ে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, দেশের আবাসনের জরুরি অবস্থা মোকাবিলা করার জন্য ‘অভূতপূর্ব’ পদক্ষেপটি প্রয়োজনীয়। পশ্চিমা দেশগুলো একটি চূড়ান্ত চ্যালেঞ্জের মুখোমুখি: ধনী জমিদার এবং দরিদ্র ভাড়াটে। এই দুটি শ্রেণিতে বিভক্ত সমাজ।
মাদ্রিদের একটি অর্থনৈতিক ফোরামে তিনি বলেন, বাস করার জন্য নয় বরং এগুলো থেকে অর্থ উপার্জনের জন্য ২০২৩ সালে ইইউয়ের বাইরের বাসিন্দারা স্পেনে ২৭ হাজার সম্পত্তি কিনেছিলেন। আমরা যে অভাবের মধ্যে আছি, তার প্রেক্ষাপটে, স্পষ্টতই kf অনুমোদন করতে পারি না।
সানচেজ এই কর কীভাবে কার্যকর হবে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। তিনি এ আইন পাসের জন্য পর্যাপ্ত ভোট সংগ্রহ করার চেষ্টা চালাচ্ছেন। তবে তার সরকার বলেছে, সতর্কতার সঙ্গে বিবেচনার পর প্রস্তাবটি চূড়ান্ত করা হবে।
প্রতিবেদন বলছে, সোমবার প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত এক ডজন পরিকল্পিত পদক্ষেপের মধ্যে এটি একটি, যা দেশে আবাসন ক্রয়ক্ষমতা উন্নত করার লক্ষ্যে ঘোষণা করা হয়েছে।
ঘোষিত অন্যান্য পদক্ষেপের মধ্যে রয়েছে, সাশ্রয়ী মূল্যের আবাসন সরবরাহকারী বাড়িওয়ালাদের জন্য কর ছাড়, ৩ হাজারের বেশি বাড়ি একটি নতুন পাবলিক হাউজিং সংস্থায় স্থানান্তর এবং কঠোর নিয়ন্ত্রণ ও পর্যটন ফ্ল্যাটের ওপর উচ্চ কর।
প্রধানমন্ত্রী বলেন, যাদের স্বল্পমেয়াদি ভাড়া হিসেবে তিন, চার বা পাঁচটি অ্যাপার্টমেন্ট আছে তারা হোটেলের তুলনায় কম কর প্রদান করেন, যা ন্যায্য নয়।