রাশিয়ার হামলায় বিদ্যুৎহীন ইউক্রেনের ৫ লাখের বেশি বাসিন্দা

ইউক্রেনে রাজধানী কিয়েভেসহ কয়েকটি অঞ্চলে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে ৫ লাখের বেশি বাসিন্দা। সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।  

গত শুক্রবার রাতে রাশিয়া ৩৬টি ক্ষেপণাস্ত্র এবং ৬০০ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার সম্পদ জব্দে ইউরোপীয় মিত্রদের আহ্বান জানান তিনি। 

কিয়েভের মেয়র ভিতালি ক্লিটসকো জানান, হামলার প্রভাবে পশ্চিমাঞ্চলের ৫ লাখের বেশি বাসিন্দা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। হামলায় আহতদের মধ্যে এক শিশুও রয়েছে বলে জানান তিনি।

ইউক্রেনীয় কর্মকর্তারা আরও জানান, রাতভর চালানো হামলায় জ্বালানি অবকাঠামোর পাশাপাশি বেশ কয়েকটি আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার ভোরেও কিয়েভজুড়ে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এদিকে কৃষ্ণসাগর অতিক্রমের সময় রাশিয়ার কথিত ‘ছায়া নৌবহরের’ জ্বালানি তেলবাহী দুটি ট্যাংকারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের নৌবাহিনী। শুক্রবার তুরস্ক উপকূলে এই হামলা চালানো হয়।