জন্মদিনে গ্রেপ্তার হলেন সাবেক ব্রিটিশ রাজপুত্র

সাবেক ব্রিটিশ রাজপুত্র অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরকে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্যের পুলিশ। সরকারি দায়িত্ব পালনের সময় অসদাচরণের সন্দেহে আজ বৃহস্পতিবার সকালে টেমস ভ্যালি পুলিশ তাকে গ্রেপ্তার করে। 

সংবাদমাধ্যম বিবিসি জানায়, আজই অ্যান্ড্রুর ৬৬তম জন্মদিন। তিনি পুলিশের হেফাজতে আছেন এবং তারা বার্কশায়ার ও নরফোকে বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাচ্ছে। টেমস ভ্যালি পুলিশ জানায়, ‘গভীর মূল্যায়ন’ শেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখন একটি তদন্ত শুরু হয়েছে। 

দোষী সাব্যস্ত মার্কিন যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে বহু অভিযোগের মুখোমুখি হওয়া সাবেক এই রাজপুত্রকে এর আগে কখনো গ্রেপ্তার করা হয়নি। ব্রিটেনের রাজা চার্লসের ভাই অ্যান্ড্রু বরাবরই দৃঢ়ভাবে যেকোনো অনিয়মের অভিযোগ অস্বীকার করে আসছেন।

এর আগে গত বছরের শেষ দিকে ‘প্রিন্স’ উপাধি হারান অ্যান্ড্রু। উইন্ডসরের রয়্যাল লজ প্রাসাদও ছাড়তে বলা হয় তাকে। জেফরি এপস্টেইনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কয়েক সপ্তাহের তীব্র নজরদারির পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।