দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের জয়ের মতোই ইউক্রেনের বিরুদ্ধে জয়ী হবে রাশিয়া। শনিবার রেড স্কয়ারে রাশিয়ার বিজয় দিবস উপলক্ষে দেওয়া ভাষণে এ কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ন্যাটোসহ পশ্চিমা বিশ্বের আগ্রাসন প্রতিহত করে রুশ বাহিনী এগিয়ে চলছে বলেও জানান তিনি।
শনিবার রেড স্কয়ারে রাশিয়ার বিজয় দিবসের ৮১তম বার্ষিকী পালিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নাৎসি বাহিনীর বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয় উদযাপনের পাশাপাশি নিহত ২ কোটি ৭০ লাখ সোভিয়েত নাগরিকের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
তবে ইউক্রেনের হামলার হুমকির জেরে বিগত বছরগুলোর তুলনায় এবার সীমিত পরিসরে বিজয় দিবসের কুচকাওয়াজ আয়োজন করে মস্কো।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের জয়ের মতোই ইউক্রেনের বিরুদ্ধেও রাশিয়া জয়ী হবে বলে বিজয় দিবসের ভাষণে ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট।
পুতিন বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ী প্রজন্মের মহান কীর্তি এখনো বিশেষ সামরিক অভিযানের দায়িত্ব পালনকারী সেনাদের অনুপ্রাণিত করে। ন্যাটো জোটের অস্ত্রসজ্জিত ও সমর্থিত একটি আগ্রাসী শক্তিকে প্রতিহত করে এগিয়ে যাচ্ছেন আমাদের বীরেরা।’
এসময় ইউক্রেনের বিরুদ্ধে সম্মুখসারির রুশ সেনাদের প্রশংসাও করেন ভ্লাদিমির পুতিন।
তিনি বলেন, ‘সাফল্যের চাবিকাঠি হলো আমাদের নৈতিক ও চারিত্রিক শক্তি এবং সাহস; একইসঙ্গে আমাদের ঐক্য ও সবকিছু সহ্য করে যেকোনো প্রতিকূলতা জয় করার ক্ষমতা। আমাদের লক্ষ্য এক। প্রত্যেকেই রণাঙ্গনের পেছনে থেকে ব্যক্তিগত অবদান রাখছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের উদ্দেশ্য ন্যায়সঙ্গত। বিজয় সব সময় আমাদেরই ছিল এবং থাকবে।’
বিজয় দিসবের আয়োজন ঘিরে মস্কোজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়। বন্ধ রাখা হয় রাজধানীর কেন্দ্রের বেশির ভাগ রাস্তা।